প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ইরাদ আহাম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরাদ সিদ্দিকীর দেওয়া একটি স্ট্যাটাসের কারণে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুল কাদের। গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে অভিযোগটি করেন বাদী। পরে আদালত অভিযোগটি মামলার এজাহার হিসেবে নিতে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। বাদী কাদেরের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী থানায়। ইরাদ আহাম্মদ সিদ্দিকীর বাবা চৌধুরী তানভীর আহাম্মদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটি সদস্য ছিলেন। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
মামলার বাদী আবদুল কাদের অভিযোগ করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের পরামর্শে ও নির্দেশে গত ১৫ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেন ইরাদ আহাম্মদ সিদ্দিকী। পরে ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে স্ট্যাটাস দেন তিনি।
বাদীর আইনজীবী আবুল হাশেম প্রথম আলোকে বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬-এর (সংশোধিত ২০১৩) ৫৭ ধারায় মামলাটি করা হয়েছে। ফেসবুকের ওই স্ট্যাটাসে যাঁরা লাইক দিয়েছেন ও মন্তব্য করেছেন তাঁদেরও আসামি করা হয়েছে। তবে তাঁদের সংখ্যা অভিযোগে উল্লেখ করা হয়নি।
এর আগে গত বুধবার রাতে ইরাদ আহাম্মদ সিদ্দিকীকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বেদারুল আলম চৌধুরী বাদী হয়ে একই অভিযোগে মামলা করেন।
