• Latest News

    গুরুদাসপুর সীমান্তে সন্দেহজনক গতিবিধি সনাক্তের দাবি ভারতের

    জম্মু-কাশ্মিরের বারামুল্লায় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর দুটি ঘাঁটিতে জঙ্গি হামলার কয়েক ঘণ্টা পর গুরুদাসপুর সীমান্তে আট সন্দেহভাজন জঙ্গির গতিবিধি শনাক্ত করার দাবি করেছে ভারত। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর মুখপাত্র দাবি করেছেন, সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর তার বাহিনীর সদস্যরা চারটি ফাঁকা গুলি ছুড়েছে। গুরুদাসপুর সেক্টরের চকরি বর্ডার আউট পোস্টে (বিওপি)বিএসএফ-এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। বিএসএফ-এর মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে খবরটি নিশ্চিত করেছে।
    উল্লেখ্য, গত মাসে উরি সেনাঘাঁটিতে হামলা এবং তার জবাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানি জঙ্গিঘাঁটিতে ভারতীয় বাহিনীর কথিত সার্জিক্যাল স্ট্রাইক  পরিচালনা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে।  সেই উত্তেজনার মধ্যেই এবং ভারতজুড়ে নেওয়া নিরাপত্তাব্যবস্থা উপেক্ষা করেই রবিবার রাতে কাশ্মিরের সেনাঘাঁটিকে আবারও হামলার লক্ষ্যবস্তু বানায় জঙ্গিরা। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের ৫০ কিলোমিটার দূরে বারামুল্লা শহরে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুটি ক্যাম্পে হামলা হয়। রবিবার রাতের ওই হামলায় বিএসএফের এক সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও হামলাকারী নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি। এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, হামলাকারীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে হয়ত পালিয়ে থাকতে পারে। সোমবার হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়। বিএসএফের কর্মকর্তা  বিকাশ চন্দ্র জানান, ‘সন্ত্রাসীরা ঘাঁটির ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু আমাদের সেনারা তাদের বাধা দেয়। এতে তারা পালিয়ে যায়। সার্চ অপারেশন চলছে।’
    এমন প্রেক্ষাপটে সোমবার যখন বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে, তখন গুরুদাসপুর সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্তের দাবি করেছে বিএসএফ। সোমবার বিএসএফ-এর আইজি অনিল পালিওয়াল বলেন, ‘পাঞ্জাবের গুরুদাসপুর সেক্টরের চকরি পোস্টে সন্দেহজনক গতিবিধি শনাক্ত হওয়ার পর চারটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে।’
    প্রাথমিক খবরে পাকিস্তান সীমান্ত থেকে পাল্টা গুলি ছোড়ার কথা জানানো হলেও পালিওয়াল তা নাকচ করে দিয়েছেন। এদিকে গুরুদাসপুরের দোরাংলা গ্রামে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। সূত্র: ইন্ডিয়া টুডে

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গুরুদাসপুর সীমান্তে সন্দেহজনক গতিবিধি সনাক্তের দাবি ভারতের Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান