• Latest News

    ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ২

    কক্সবার্তা ডেস্ক:
    ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই দুই ব্যক্তিই সন্ত্রাসী এবং তারা পুলিশের ওপর হামলা চালিয়েছিল, পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
    ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলা ট্রিবিউনকে জানান, "জেলা শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী নামক স্থানে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় ৩টি মটর সাইকেল দেখতে পেয়ে পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করে, মটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে 'বন্দুকযুদ্ধ' শুরু হয়। কিছুক্ষণ পর এক সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।"
    এই ঘটনায় পুলিশের তিন কনস্টেবল আহত হন বলেও আজবাহার আলী শেখ উল্লেখ করেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। আহত পুলিশ কনস্টেবলরা হলেন – বুলবুল আহমেদ, আলমগীর হোসেন ও নাছিম।
    আজবাহার আলী শেখ বলেন, 'সন্ত্রাসীরা কোনও নাশকতামূলক কর্মকাণ্ড করতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।' তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
    এদিকে, জেলার কালীগঞ্জে পুলিশের সঙ্গে পৃথক 'বন্দুকযুদ্ধে' অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীন (৪৫)। ওই অভিযানে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান