কক্সবার্তা ডেস্ক:
দিনাজপুরের বীরগঞ্জের একটি পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে ধর্ষণ করার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী আনসার সদস্য। বুধবার দিবাগত রাতে এ মামলা দায়ের করেন এক নারী আনসার সদস্য।
জানা যায়, মামলায় ওই নারী সদস্যদের দলনেতা আনসার সদস্য তাপস চন্দ্র রায়কে আসামি করা হয়েছে। তিনি বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মৃত উপেন্দ্র নাথ রায়ের ছেলে।
ঘটনার সত্যত্বা স্বীকার করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘মামলা করায় ২ আনসার সদস্যকে পরীক্ষা করাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।’
তিনি আরও জানান, ‘ইতোমধ্যেই এই মামলার আসামি তাপস চন্দ্র রায়কে আটক করতে অভিযান শুরু করা হয়েছে।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনের নির্দেশে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজার সার্বজনীন দূর্গামণ্ডপে দায়িত্বে নিয়োজিত ছিল ৬ আনসার সদস্য। সোমবার দিবাগত রাতে দায়িত্ব পালন শেষে সেখানে ২ নারী আনসার সদস্য মণ্ডপের পাশের একটি দোকানে ঘুমাতে যান। ভোর ৪টার দিকে ওই মণ্ডপে দায়িত্বরত আনসার সদস্যদের দলনেতা তাপস চন্দ্র রায় কক্ষে প্রবেশ করে দুই নারী আনসার সদস্যকে ধর্ষণ করে পালিয়ে যায়। সকালে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে জানানো হলে সেখানকার পরামর্শক্রমে ধর্ষণের শিকার এক নারী সদস্য বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা করেন।
বীরগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কার্যালয়ের প্রশিক্ষক করিমন নেছা বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিষয়টি জানার পর অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানানো হয়েছে।’
