এম. জিয়াবুল হক, চকরিয়া:
বর্ষা মৌসুমের শুরুতে অব্যাহত ভারী বর্ষণ ও কয়েক দফা বন্যার তাণ্ডবে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের অধীন চকরিয়ার ৯টি সড়কের ৫৮ কিলোমিটার রাস্তা ভেঙে তছনছ হয়ে গেছে। বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দক। কয়েকটি সড়কের ভাঙা অংশ রীতিমতো পুকুরে পরিণত হয়েছে।
বন্যার পর চকরিয়া সড়ক বিভাগের পক্ষ থেকে ৯টি সড়কের অধীন ২৪ দশমিক ৫ কিলোমিটার সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও ৩৪ কিলোমিটার সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনাক্ত করে কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে ঊর্ধ্বতন প্রশাসনের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়। অভিযোগ উঠেছে, ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাঠানোর পর একমাস সময় অতিবাহিত হলেও এখনো ক্ষতিগ্রস্ত এসব সড়ক মেরামতে কোনো ধরনের উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ।
এ কারণে বর্তমানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক, বরইতলী-মগনামা সড়ক, চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়ক, টেইটং থেকে লালব্রিজ পর্যন্ত এবিসি সড়ক (আঞ্চলিক মহাসড়ক), চিরিঙ্গা জনতা মার্কেট-বেতুয়া বাজার-বাঘগুজারা সড়ক, ইয়াংছা-মানিকপুর-শান্তিবাজার সড়ক, জিদ্দাবাজার-মাঝেরফাঁড়ি সড়ক, একতা বাজার-পহরচাঁদা সড়কসহ বেশিরভাগ সড়ক একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে গত একমাস ধরে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সব ধরনের জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চকরিয়া সড়ক উপ-বিভাগের শাখা কর্মকর্তা (এসও) আবু আহসান মো.আজিজুল মোস্তাফা বলেন, ‘জুলাই মাসের টানা বর্ষণ ও কয়েক দফা বন্যায় চকরিয়া সড়ক বিভাগের অধীন ৯টি সড়কের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। চকরিয়া-পেকুয়া উপজেলায় সড়ক বিভাগের অধীন প্রায় ১১৫ কিলোমিটার সড়ক রয়েছে। তার মধ্যে বেশিরভাগ এলাকার সড়ক বন্যার পানিতে তলিয়ে গিয়ে ভেঙে গেছে বা খানাখন্দকে জর্জরিত হয়েছে।’ তিনি বলেন, ‘বন্যার পর সরেজমিন পরির্দশন করে চকরিয়া সড়ক বিভাগের অধীন ২৪ দশমিক ৫ কিলোমিটার সড়ক সম্পূর্ণ ও ৩৪ কিলোমিটার সড়ক আংশিক ক্ষতি হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত প্রতি কিলোমিটার সড়ক তৈরিতে ৪০ লাখ টাকা ও আংশিক প্রতি কিলোমিটার সড়ক তৈরিতে ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে এসব সড়ক মেরামতে সর্বমোট ১৫ কোটি টাকার বরাদ্দের প্রয়োজন আছে তুলে ধরে ইতোমধ্যে একটি প্রতিবেদন নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে।’
জানতে চাইলে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ইতোমধ্যে প্রয়োজনীয় অর্থবরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন প্রশাসনের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। তারপরও আমাদের পক্ষ থেকে ইতোমধ্যে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক, চিরিঙ্গা-বদরখালী সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ করা হচ্ছে। তবে অর্থবরাদ্দ নিশ্চিত হলেই চকরিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত প্রত্যেক সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেন, ‘বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপজেলার সড়ক-উপসড়কগুলো দ্রুত সময়ে মেরামতের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনকে তাগাদা দেয়া হয়েছে। তারপরও জনদুর্ভোগ লাঘব নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ বাস্তবায়নে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলা হবে।’ bs
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ার ৯ ভাঙা সড়ক সংস্কারের উদ্যোগ নেই
Rating: 5
Reviewed By: Unknown