• Latest News

    ঢাকা-চট্টগ্রাম সড়কে আসছে গ্রিনলাইনের দোতলা বাস

    কক্সবার্তা ডেস্ক:
    দেশের দূরপাল্লার সড়কে চালু হচ্ছে বিলাসবহুল ডাবল ডেকার বাস। ঢাকা-চট্টগ্রাম সড়কে গ্রিনলাইনের এ বাস উদ্বোধন হচ্ছে শনিবার (২৬ আগস্ট)। জার্মানির ‘ম্যান’ ব্র্যান্ডের এসব বাসের সম্পূর্ণ বডি প্রস্তুত করা হয়েছে মালয়েশিয়ায়। যাত্রী পরিবহন সেবায় নতুন দিগন্তের সূচনা করছে গ্রিনলাইন।
    শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০টি বাসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
    ঠিক কোরবানি ঈদের আগে বাসটি যাত্রা শুরু করছে। ঢাকায় বর্তমানে বিআরটিসির ডাবল ডেকার সিটি বাস চলাচল করে। দেশের বাস পরিবহন সেবায় দূরপাল্লার রুটে দোতলা বাস সংযোজন এটাই প্রথম।
    গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার জানান, নতুন বাসের প্রতি আসনের ভাড়া ১৩শ টাকা। ৪০ আসনের এসব বাসে নিচতলায় থাকছে সাতটি আসন এবং দ্বিতীয় তলায় ৩৩টি।
    পাঁচ রঙের ১০টি বাসের মধ্যে দু’টি আকাশি নীল, দু’টি লাল, দু’টি সাদা, দু’টি কমলা ও দু’টি গাঢ় নীল রঙের।
    ১৯৯০ সালে গ্রিনলাইন পরিবহন বাংলাদেশে হিনো এসি বাসের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রা শুরু করে। এরপর কক্সবাজার, বেনাপোল, রংপুর, রাজশাহী, সিলেট, খুলনা রুটে উন্নত যাত্রীসেবা নিয়ে আসে গ্রিনলাইন।
    ২০০৩ সালে ভলভো এবং ২০০৫ সালে স্ক্যানিয়ার বিলাসবহুল এসি বাস আমদানি করে গ্রিনলাইন পরিবহন। ২০১৩ সাল থেকে দূরপাল্লার যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য স্লিপার কোচে যাত্রীসেবা শুরু করে।
    দেশি-বিদেশি পর্যটকদের কথা বিবেচনা করে ২০১৪ সাল থেকে গ্রিনলাইন ওয়াটার ওয়েজ নৌ-পথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সি সার্ভে ক্লাস্ড এয়ার কন্ডিশন্ড ফাইভার ক্যাটামেরান প্যাসেঞ্জার ভেসেল এমভি গ্রিনলাইন-১ টেকনাফ-সেন্টমার্টিনস রুটে যাত্রীসেবা দিয়ে যাচ্ছে।
    এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ৬শ আসনবিশিষ্ট অপর দুটি এয়ারকন্ডিশন্ড ক্যাটামেরান প্যাসেঞ্জার ভেসেল এমভি গ্রিনলাইন-২ ও এমভি গ্রিনলাইন-৩ ঢাকা-বরিশাল রুটে যাত্রীসেবায় যোগ হয়।
    //বাংলা নিউজ//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঢাকা-চট্টগ্রাম সড়কে আসছে গ্রিনলাইনের দোতলা বাস Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান