• Latest News

    কক্সবাজারে মুমূর্ষু আ.লীগ নেতার সঙ্গে এমপি বদির সেলফি!


    কক্সবার্তা ডেস্ক:
    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী মাথায় রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়েছেন।
    তাকে বর্তমানে ঢাকার বিআরবি (গ্যাস্ট্রোলিভার) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
    ঈদের দ্বিতীয় দিন ২৮ জুন রাতে তিনি উখিয়ার বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাতে তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
    অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নিয়ে যাওয়া হয়।
    চিকিৎসকরা জানিয়েছেন, রক্তক্ষরণজনিত কারণে তাকে ভর্তি করা হয়। পরীক্ষার পর ধরা পড়েছে হামিদুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে লিভার জন্ডিস রোগে ভুগছিলেন। এর সঙ্গে তার আরও কয়েকটি রোগ ধরা পড়েছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো নয়।
    তার অসুস্থতার খবর পেয়ে তার ভাইপো উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির চৌধুরীসহ নেতারা তার শয্যাপাশে ছুটে যান এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর নেন।
    এদিকে অন্যদের মতো তাকে দেখতে যান উখিয়া-টেকনাফ আসনের এমপি আবদুর রহমান বদিও। কিন্তু অসুস্থ হামিদুল হক চৌধুরীকে অ্যাম্বুলেন্সে তোলার সময় থামিয়ে এমপি বদি সেলফি তোলেন। তার তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
    একজন মুমূর্ষু রোগীকে থামিয়ে সেলফি নেয়াকে নানাজন নানাভাবে বিবৃত করছেন। অনেকে একে তামাশা বলে উল্লেখ করেছেন।
    যুবলীগ নেতা আবুল হোসেন আবুর ওয়ালে এমপি বদির সেলফিটি পোস্ট দিয়ে (বিকাল ৫টার দিকে) তিনি লিখেছেন-মৃত্যু পথযাত্রী রোগী নিয়ে এমপি বদির সেলফি…
    তার ওই স্ট্যাটাসে কমেন্টস করছেন অনেকে। তার মধ্যে উখিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী লিখেছেন, সস্তা জনপ্রিয়তার এক অভিনব রাজনীতি?
    আলমগীর কক্স নামের একজন লিখেছেন, আজব দুনিয়ারে ভাই একজন মরে। আরেকজন সেলফি জ্বরে ভোগে। ওনার সুস্থতা কামনা করি।
    ছোটন বড়ুয়া নামে একজন লিখেছেন, সব লোভ দেখানো…
    বিজন বড়ুয়া লিখেছেন, এটা সবাই বুঝে।
    ফায়সাল নামে একজন লেখেন, অসুস্থ মানুষকে নিয়েও রাজনীতি করে একমাত্র বদি। সেবা করতেছে করুক, ছবি তুলে ফেসবুকে দিতে হবে কেন?
    আবার একজন লেখেন, নায়কের মুখে গুশশা গুশশা ভাব!!! অনেকে লিখেন, হা হা হা, মজা পাইলাম।
    বিষয়টি নিয়ে কথা বলতে শুক্রবার সন্ধ্যায় বদির মোবাইলে কল করা হয়। রিং হবার পর লাইন কেটে দেন এমপি বদি।
    যুগান্তর //cd

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে মুমূর্ষু আ.লীগ নেতার সঙ্গে এমপি বদির সেলফি! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান