• Latest News

    ‘বাক স্বাধীনতার সুরক্ষায় ব্যর্থ বাংলাদেশ’


    নিউজ ডেস্ক :
    যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ সরকার দেশে স্বাধীন মত প্রকাশের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি বাক স্বাধীনতা খর্ব করতেও তারা খড়গহস্ত বলে দাবি করা হয়েছে। বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি আরও জানায়, দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা এখন অনেক সঙ্কুচিত হয়ে পড়েছে।
    ইস্ট লন্ডনের একটি হোটেলে ‘ভয় আর দমন-পীড়নের ফাঁদে বাংলাদেশের বিরুদ্ধ মত’ (Caught between fear and repression: Attacks on freedom of expression in Bangladesh) শীর্ষক প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি ব্লগার সিনথিয়া আরেফিনও উপস্থিত ছিলেন।
    এই প্রতিবেদনের মূল কথা হচ্ছে, বাংলাদেশে জঙ্গিদের হামলা আর হুমকির ভয়ে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ অনেক কমে এসেছে। মুক্তমনাদের সরকার সুরক্ষা দেওয়ার বদলে নানা কৌশল ও আইনের বেড়াজালে আটকে ফেলছে। ফলে বাক স্বাধীনতার পথ রুদ্ধ হচ্ছে।
    প্রতিবেদনে অ্যামনেস্টির বাংলাদেশ বিষয়ক গবেষক ওলফ ব্লোমকভিস্ট জানান, “সন্ত্রাসী হামলা, হুমকি এবং সরকার কর্তৃক দমন পীড়নের ফলে বাংলাদেশে অসাম্প্রদায়িকতা সম্পর্কে কোনো কথা এখন বলা যায় না। এমনকি ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার বদলে বাংলাদেশ সরকার উল্টো তাদের দায়ী করে অপরাধীদের সহায়তা করছে।”
    প্রতিবেদনে বলা হয়, হামলা-মামলার ভয়ের কারণে মুক্তমনাদের মত প্রকাশের স্বাধীনতা যেমন খর্ব হয়েছে তেমনই জঙ্গি দলগুলো দেশে বেশ স্বাধীনভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে তারা বেশ কয়েকটি বড় ধরনের হত্যার ঘটনাও ঘটিয়েছে।
    প্রতিবেদনে ২০১৬ সালে অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দীন সামাদ হত্যাকাণ্ডের পর ব্লগারদের লেখা নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরূপ মন্তব্যের কথাও স্থান পেয়েছে। ব্লগারদের অভিযোগ তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, হুমকি কিংবা জঙ্গি হামলার কবলে পড়লেও তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চেয়েও তা পায়নি। কেউ কেউ তাই নিরাপত্তার স্বার্থে দেশ ত্যাগের কথাও জানিয়েছেন।
    প্রতিবেদনে অ্যামনেস্টি দাবি করে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণমাধ্যমে সমালোচনা ঠেকাতে হস্তক্ষেপের পাশাপাশি নানা কৌশলও অবলম্বন করছে। সাংবাদিকদের চাপে রাখা হয়েছে দাবি করে ব্লোমকভিস্ট বলেন, “বাংলাদেশ সরকার গণমাধ্যমের সঙ্গে এমন আচরণ করছে যেন সমালোচনা করা অপরাধ।”
    এমন পরিস্থিতিতে সাংবাদিকরা সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সমালোচনা করতে সাহস পাচ্ছেন না বলে প্রতিবেদনে দাবি করা হয়। উদাহরণ হিসেবে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৮৩টি মামলার কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
    অ্যামনেস্টি জানায়, সাংবাদিকদের উপর এমনভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে যা পুরনো ঔপনিবেশিক আইনের কথাই মনে করিয়ে দেয়। প্রতিবেদনে বিতর্কিত তথ্য প্রযুক্তি আইনের প্রয়োগ এবং ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নেরও সমালোচনা করা হয়।
    //ওয়ান নিউজ বিডি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘বাক স্বাধীনতার সুরক্ষায় ব্যর্থ বাংলাদেশ’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান