• Latest News

    কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের কোন রেহাই নেই -প্রধানমন্ত্রী






    কক্সবার্তা প্রতিনিধি :
    ‘‘কক্সবাজারের বদনাম আছে। এখান থেকে নাকি সারা বাংলাদেশে ইয়াবা সাপ্লাই হয়। এটি বন্ধ করতে হবে। যেই জড়িত থাকুক ব্যবস্থা নিতে হবে। তাদের কোনো রেহাই নেই’’ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে জনসভায় আজ শনিবার বিকেল ঠিক ৩টা বেজে ৪৭ মিনিটে বক্তৃতা দিতে ওঠেন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় ৫০ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী শুধু কক্সবাজার নয়, পুরো দেশের অনেক উন্নয়নের চিত্র তুলে ধরেন। সাথে বিএনপি-জামাত জোট সরকারসহ বিগত সময়ের সরকারের তুমুল সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    তিনি বলেন, বিএনপি লুটের সরকার। খুনের সরকার। তাদের সময়ে খুন-গুম ছাড়া কোন উন্নয়ন হয়নি। মানুষের জন্য তারা কোন কাজই করেনি। তারা আজ প্রত্যাখাত।
    একাধিক মেয়াদে ক্ষমতায় থাকলেও বিএনপি দেশের উন্নয়ন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি দুর্দিনেও নাই উন্নয়নেও নাই। কিন্তু আমি আপনাদের সামনে খালি হাতে আসিনি। অনেক প্রকল্প নিয়ে এসেছি। উপহার এনেছি যে কাজগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সেগুলো উদ্বোধন করেছি। যেগুলো করব, সেগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।’
    প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু এখানে পর্যটক আসে, সেহেতু তাদের যাতায়াতের জন্য বিমান নিয়ে এসেছি। এই বিমান আজ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম অবতরণ করলো। আমি এই বিমানের মাধ্যমে এখানে আন্তর্জাতিক রুট পরিচালনার ঘোষণা দিলাম।’ বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘এই এয়ারপোর্টটি (বিমানবন্দর) জরাজীর্ণ ছিল, ৯৬ সালে সরকারে এসে এটিকে উন্নত করে যাই। এই বিমানবন্দরকে উন্নত করার জন্য আরও কিছু উদ্যোগ নিয়েছি।’
    বিমানবন্দরটি যেন আন্তর্জাতিক মানের হয়, সে জন্য রানওয়ে প্রশস্ত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ কক্সবাজারবাসী অবহেলিত ছিল আমি জানি। যখনই কোনও দুর্যোগ দেখা দিয়েছে আমরা এসেছি, আপনাদের সেবা করেছি।’ তিনি আরও বলেন, ‘১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় বিএনপি ক্ষমতায় ছিল। এত ক্ষয়ক্ষতি হয়েছে বিএনপি নেত্রী জানতেন না। আমি সংসদে তোলার পর উনি বলে দিলেন, যত মরার কথা, তত মানুষ মরে নাই। আমি প্রশ্ন করেছিলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে? এরপর আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ছুটে এসেছিলোম। আসার পথে কঠিন অবস্থায় পড়তে হয়েছিল। রাস্তা ভাঙা ছিলে। এরইমধ্যে এসে সমস্ত দ্বীপাঞ্চল ঘুরে ঘুরে রিলিফ ওয়ার্ক করেছি। তখন পর্যন্ত বিএনপি সরকারের কেউ আসেনি। যখন কুতুবদিয়াতে নামি লাশের পর লাশ পড়ে ছিল। নেভির লোক কোনোভাবে লাশ দাফন করেছিল। সেইদিনই সেনাবাহিনীর একটি দল এসেছিল। প্রত্যেক এলাকায় ঘুরে ঘুরে মানুষের লাশ, শিশুর লাশ আমি নিজে দেখেছি। সাপ গরুর লাশ, ছোট্ট শিশুর লাশ ভেসে ভেসে আসছে। সেই বিভৎস দৃশ্য। যতটা পেরেছি মানুষকে সহায়তা করেছি। রিলিফ দিতে এসে হুমকির সম্মুখীন হয়েছি।’
    এর আগে জনসভাস্থলের পাশে তিনি ১৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
    হাসিনা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক রুখতে হবে। এ জন্য কাজ করতে হবে। জঙ্গিবাদ যেমন রুখে দেওয়া হচ্ছে, ঠিক তেমনি রুখতে হবে মাদক ব্যবসাও। কক্সবাজারের বদনাম আছে। এখান থেকে নাকি সারাদেশে ইয়াবা সাপ্লাই হয়। বন্ধ করতে হবে; যেই জড়িত থাকুক ব্যবস্থা নিতে হবে।
    জড়িতদের রেহাই হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
    নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী সভাপতি বলেন, নৌকায় ভোট দিয়ে দেশ পেয়েছেন, উন্নয়ন-অগ্রগতি পেয়েছেন। আগামী যতো নির্বাচন আছে মার্কা আছে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের কোন রেহাই নেই -প্রধানমন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান