• Latest News

    একুশে টেলিভিশন থেকে বরখাস্ত হলেন জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ফারহানা নিশো!

    অনলাইন ডেস্ক :
    জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশোকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৭ মে) ফারহানা নিশোকে অব্যাহতিপত্র দেয়া হয়।
    পত্রে উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠান বিভাগ প্রধান জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
    চ্যানেলটির কোম্পানি সচিব ও মানবসম্পদ প্রধান মো. আতিকুর রহমান এ অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন। এর অনুলিপি দেয়া হয়েছে একুশে টেলিভিশনের সব বিভাগীয় প্রধানকে।
    তবে ঠিক কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ফারহানা নিশোর সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করে পাওয়া যায়নি।
    সম্প্রতি বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামির সাথে নিশোর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
    এ বিষয়ে টিভি চ্যানেলটির সিইও এবং প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনও মন্তব্য নেই। যিনি (মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমান) ঐ বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন, তাকেই জিজ্ঞেস করুন।’
    একুশে টেলিভিশনের মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেখুন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে অনেকেই আসবেন, অনেকেই চলে যাবেন- এটাই তো স্বাভাবিক। ফলে এই বিষয়টি আলাদা করে বাইরে শেয়ার করার কারণ নেই।’
    ফারহানা নিশো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে গ্রামীণ ও নগর পরিকল্পনায় স্নাতক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে চ্যানেল ওয়ানে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে ওয়ারিদ টেলিকম, গ্রামীণফোন ও এনটিভিতে ও বৈশাখী টিভিতে কাজ করেছেন তিনি।
    ফারহানা নিশো সর্বশেষ যমুনা টিভিতে জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক এবং গাজী টিভিতে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন। একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও জনপ্রিয়তা রয়েছে ফারহানা নিশোর।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: একুশে টেলিভিশন থেকে বরখাস্ত হলেন জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ফারহানা নিশো! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান