• Latest News

    ছোটদের বড় পরীক্ষা: উদ্বিগ্ন অভিভাবকেরা

    ইমাম খাইর, সিবিএন :
    কক্সবাজার শহরের একটি বেসরকারি শিশু শিক্ষা নিকেতন কক্সবাজার আইডিয়েল প্রি-ক্যাডেট মাদরাসার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী ফারহান বিনতে শারেক।
    মেয়ের হাত ধরে পরীক্ষা শুরুর অন্তত পৌনে এক ঘন্টা আগে হলে নিয়ে গেলেন বাবা শামসুল হক শারেক।
    আজই (রোববার) প্রথম কোনো বড় পরীক্ষায় অর্থাৎ প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ফারহান।
    জীবনের প্রথম কোন বাইরের পরীক্ষা ফরহানের। সে হিসেবে স্বাভাবিক উদ্বেগ তো আছেই, তার চেয়ে বেশীয় উদ্বিগ্ন ফারহানের বাবা-মা।
    মেয়েকে হলের ভেতরে প্রবেশ করিয়ে দেয়ার পূর্বমুহূর্তে ফারহানের দু’গালে চুমো খেয়ে বাবা বললেন, ‘পরীক্ষা ও প্রশ্ন খুব সহজ হবে। একদম টেনশন করিওনা। মনোযোগ দিয়ে খাতায় লিখবা। কোন প্রশ্ন যেন বাদ না পড়ে। কম হলেও সব প্রশ্নের উত্তর দিবে। যা লিখবে, জেনে-বোঝে সঠিক লিখবে। কী ঠিক আছে?’
    আর এসব কথায় সুবোধ মেয়ের মতো ঘাড় হেলিয়ে দিয়ে সোজা গেট দিয়ে হলে ঢুকে পড়লো ফারহান।
    পরীক্ষার নির্দিষ্ট হলে ঢুকে আসনে বসলেও মেয়ের দিকে চোখ রয়ে গেল শারেকের।
    মেয়েকে টেনশন করতে নিষেধ করলেও নিজেই ভীষণ টেনশনে আছেন। পরীক্ষা যেন তিনি নিজেই দিচ্ছেন!
    পরীক্ষা শুরু হয়েছে আধাঘন্টা আগে। তখনো হলের বাইরে অপেক্ষা করছেন পিতা শামসুল হক শারেক।
    এ সময় এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার সব ছেলে-মেয়ের রেজাল্ট ভাল। ফারহানও ক্লাসের ফার্স্ট। সেখানে ভালো রেজাল্ট করলেও বাইরে প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছে। তাই কেমন হয় তা নিয়ে দুর্ভাবনা তো থাকবেই।
    প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) নিয়ে ফারহান বিনতে শারেকের মতো পুরো জেলার বিভিন্ন স্কুল থেকে অংশ নেয়া পরীক্ষার্থীদের অভিভাবক টেনশনে রয়েছেন। অভিভাবকেরা মুখে সন্তানদের টেনশন করতে নিষেধ করলেও নিজেরাই বেশ টেনশনে রয়েছেন।
    শহরের বিভিন্ন স্কুল ও পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিটি স্কুলের চৌহদ্দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপচেপড়া ভিড়। প্রথম দিনের পরীক্ষায় সবাই নির্দিষ্ট সময় বেলা ১১টার ঘণ্টাখানেক আগেই পরীক্ষার্থীদের নিয়ে উপস্থিত হয়েছেন।
    বিশেষ করে কক্সবাজার শহরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী পরীক্ষা কেন্দ্রের গেইটে প্রচুর অভিভাবক সকাল থেকে অপেক্ষমান। তাদের সন্তান পরীক্ষার হলে। পরীক্ষা শেষ করে বের হলেই হাত ধরে নিয়ে যাবেন বাসায়।
    স্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ করিম
    কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন)কে জানান, আমাদের কেন্দ্রে ৭টি মাদরাসা ও ১২টি স্কুলের ৬৪২ পরীক্ষার্থী রয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনোরম পরিবেশে প্রথম পরীক্ষা সম্পন্ন হয়েছে।
    আজ (রোববার) ইংরেজি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টায় পরীক্ষা শেষ হয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ছোটদের বড় পরীক্ষা: উদ্বিগ্ন অভিভাবকেরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান