• Latest News

    নকলে বাধা দেয়ায় শিক্ষককে হাতুরি দিয়ে আঘাত!

    কক্সবার্তা ডেস্ক:
    পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় মাগুরার শালিখা উপজেলার সিংড়া বিহারী লাল শিকদার কলেজের আইসিটি শিক্ষক প্রভাত কুমার রায়কে হাতুড়ি দিয়ে পিটিয়েছে বখাটে ছাত্ররা। পরে তাকে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল এ ঘটনা ঘটে।

    হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক প্রভাত রায় জানান, এ বছরের এইচএসসি পরীক্ষায় তিনি বিহারী লাল শিকদার কলেজ কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করায় কোনও পরীক্ষার্থী অসুদপায় অবলম্বন করতে পারেনি। যে কারণে সেসময় আবু হানিফা, সামছুর রহমানসহ কয়েকজন বখাটে ছাত্র (পরীক্ষার্থী) তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। পরবর্তীতে পরীক্ষার ফলাফলে ওই ছাত্ররা অকৃতকার্য হওয়ায় পর তার উপর আরও ক্ষুব্ধ হয়ে হাত-পা কেটে নেওয়ার হুমকি দেয়। এর এক পর্যায়ে রবিবার সকালে উপজেলা সদর আড়পাড়া থেকে মোটরসাইকেলে করে কলেজে যাওয়ার পথে হাশিমপুর এলাকায় পৌঁছালে আবু হানিফা, সামছুর রহমানসহ ৪-৫ জন দুর্বৃত্ত তাকে মারধর করে। এ সময় তারা হাতুড়ি দিয়ে তার ডান হাত ও ডান পায়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
    মাগুরা সদর হাসপাতালে মেডিক্যাল অফিসার মমতাজ মজিদ জানান, আহত শিক্ষকের চিকিৎসা চলছে। যাবতীয় পরীক্ষা-নিরিক্ষার পর তার শারীরিক অবস্থা জানা যাবে।
    কলেজ অধ্যক্ষ বিবেকানন্দ শিকদার জানান, প্রভাত কুমার রায় একজন দায়িত্ববান শিক্ষক। বিগত এইচএসসি পরীক্ষায় অসুদপায় অবলম্বন করতে না দেওয়ায় তার উপর হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নকলে বাধা দেয়ায় শিক্ষককে হাতুরি দিয়ে আঘাত! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান