• Latest News

    কক্সবাজার জালালাবাদে সন্ত্রাসীর হাত থেকে উদ্ধার করা অস্ত্রটি পরিত্যক্ত নাকি সাজানো নাটক !


    কক্সবার্তা ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ থেকে দিবালোকে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে ছেড়ে দেয়া এবং উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশ কর্তৃক পরিত্যাক্ত দেখানোর সংবাদে সাধারণ লোকজনের মাঝে প্রশাসনের ভূমিকায় ব্যাপক প্রশ্নের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে উক্ত সন্ত্রাসী ও অস্ত্রের প্রকৃত উৎস অনুসন্ধানে সরেজমিনে উর্ধ্বতন কর্তৃপক্ষের গোয়েন্দা তদন্তের দাবী জানিয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের দাবী, জায়গা বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে ঐদিন সংঘর্ষের ঘটনায় সাবেক ও বর্তমান ২ জনপ্রতিনিধিসহ সমাজপতিদের উপস্থিতিতে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে লোকজন হাতেনাতে আটক করে। ঘটনার পরপরই একটি চক্র অস্ত্রসহ সন্ত্রাসী আটকের ঘটনা ভিন্নখাতে প্রবাহে কয়েক লাখ টাকার লেনদেন করেছে বলে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, গত ১১ অক্টোবর সকাল ৬টার দিকে জালালাবাদ ইউনিয়নের পশ্চিম মোহনবিলা এলাকার মৃত মাষ্টার নুরুল হুদা গংয়ের সাথে নুরুল কবির গংয়ের জায়গা সংক্রান্ত সংঘর্ষের ঘটনা ঘটে। ঐসময় সংবাদ পেয়ে এলাকার জনপ্রতিনিধিসহ শতাধিক লোক ঘটনাস্থলে জড়ো হয়। তাদের সম্মুখেই এক সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে নির্মাণ কাজ করার চেষ্টা করে। এতে লোকজন তাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করে। পরে ঈদগাঁও পুলিশের আইসি দেবাশীষ সরকার ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করেছে বলে জানান। তবে ঐ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। এদিকে নুরুল কবিরের আহত স্ত্রী হাছিনা বেগম ও ছেলে মিজবাহ উদ্দীন জানান, সন্ত্রাসী জয়নাল ও তার ভাই জাহেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী মা-ছেলেকে ধারালো অস্ত্রে উপর্যুপরী কূপানোর পরও ক্ষান্ত না হয়ে জাহেদ প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে তার ছেলে মিজবাহ উদ্দীনকে খুনের চেষ্টা করে। ঐসময় বর্তমান মেম্বার মনজুর আলম, সাবেক মেম্বার খলিল, সাবেক মেম্বার আশরাফ আলী, মৌলভী নুরুল ইসলাম, ফরিদুল আলম, আবুল কাশেমসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। প্রকাশ্য দিবালোকে উদ্ধারকৃত অস্ত্র ও সন্ত্রাসী আটকের ঘটনায় কিভাবে অস্ত্রধারী যুবকটি ছাড় পেল এবং অস্ত্রটি পরিত্যাক্ত হল তা নিয়ে প্রশাসনের ভূমিকায় ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের দাবী, এ নাটক সাজাতে একটি চক্র লাখ লাখ টাকার বাণিজ্য করেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে বর্তমান মেম্বার মনজুর আলমের সাথে কথা হলে অস্ত্র উদ্ধারের বিষয়টি স্বীকার করলেও অস্ত্রসহ সন্ত্রাসী আটকের ঘটনা এড়িয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক অসংখ্য সাধারণ লোকজন জানান, তাদের সামনেই জাহেদকে অস্ত্রসহ আটক করে চিহ্নিত কিছু ব্যক্তি মোটা অংকের লেনদেন করে চাঞ্চল্যকর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে। এদিকে সাবেক মেম্বার খলিলের সাথে যোগাযোগ করা হলে জানান, তাকে কেন বিরক্ত করা হচ্ছে? ফরিদই জাহেদের হাত থেকে অস্ত্রটি কেড়ে নেয় লোকজনের সামনে। অভিযোগ উঠা জাহেদের মামা আয়াত উল্লাহর সাথে কথা হলে বিষয়টি সমাধান হয়েছে বলে জানান। দিন-দুপুরে অস্ত্রসহ সন্ত্রাসী জনতার হাতে আটকের ঘটনা কিভাবে ধামাচাপা দেয়া হল তার প্রকৃত রহস্য উদঘাটনে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ এলাকাবাসী।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার জালালাবাদে সন্ত্রাসীর হাত থেকে উদ্ধার করা অস্ত্রটি পরিত্যক্ত নাকি সাজানো নাটক ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান