কক্সবার্তা ডেস্ক : সাংবাদিক মারধরের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত ৯টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটু (ইতিহাস, ৪০তম ব্যাচ), শাখা ছাত্রলীগের সহসম্পাদক ইকরাম উদ্দিন অমি (মার্কেটিং, ৪০তম ব্যাচ)ও ইকরাম নাহিদ (পরিসংখ্যান, ৪৩তম ব্যাচ)। মহিতোষ রায়কে দুই বছর এবং ইকরাম উদ্দিন অমি ও ইকরাম নাহিদকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া ছাত্রলীগকর্মী ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র বায়েজিদ ইসলামকে সতর্ক করা হয়েছে। ওই চারজনই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। মহিতোষ রায় আগেও সাংবাদিক মারধরসহ বেশ কয়েকটি ঘটনায় একাধিকবার বহিষ্কার হয়েছিলেন। উল্লেখ্য, গত ৮ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় সংবাদ সংগ্রহের সময় বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শফিকুল ইসলামকে মারধর করেন ছাত্রলীগের অভিযুক্ত নেতাকর্মীরা। শফিকুল জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র। এ ঘটনায় চলতি বছরের ২৭ জুলাই এক সিন্ডিকেট সভায় ওই তিনজনকে সাময়িক বহিষ্কার এবং ঘটনা অধিকতর তদন্তের জন্য তৎকালীন প্রাধ্যক্ষ কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করেছিল কর্তৃপক্ষ। তবে একই দিনে আরও একজন সাংবাদিক মারধরের ঘটনায় বর্তমান প্রভোস্ট কমিটির সভাপতি জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজকে সভাপতি করে আরও একটি তদন্ত কমিটি করা হলেও তার কোনো সুরাহা হয়নি।
jo
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সাংবাদিক পেটানোয় ছাত্রলীগের তিন নেতাকর্মী বহিষ্কার
Rating: 5
Reviewed By: Unknown