• Latest News

    চট্টগ্রামে বৃষ্টি, ঢল ও জোয়ারের পানিতে জনদুর্ভোগ


    কক্সবার্তা ডেস্ক: মাথার ওপরে সূর্য উত্তাপ ছড়াচ্ছে। নিচে সড়কের ওপর হাঁটুপানি। নোংরা, ঘোলা সেই পানি মাড়িয়ে পথ চলছেন পথচারীরা। দুর্ভোগ পোহাচ্ছেন নারী ও শিশুরা। কারণ ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা।
    শুক্রবার (২১ জুলাই) সকালে বৃষ্টিপাত কিছুটা কম হলেও দুপুরে আগের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে টইটম্বুর ছিল চাক্তাই খাল, মহেশখালসহ বিভিন্ন খালসংলগ্ন এলাকা।
    সরেজমিন আসাদগঞ্জ, খাতুনগঞ্জ, আগ্রাবাদ এক্সেস রোড, সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, হালিশহর, চান্দগাঁওসহ অনেক এলাকায় বেলা ১১টা থেকে পানি ঢুকতে দেখা গেছে। চাক্তাই খালের পাড় উপচে আসাদগঞ্জে পানি ঢুকে পড়ায় শুটকির আড়তদার ও পাইকারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। দেখতে দেখতে মূল সড়কে হাঁটু পানি জমে যায়।
    আসাদগঞ্জের ডি বড়ুয়া নামের একজন আড়তদার বলেন, কয়েক দশক ধরে পানির জ্বালা সইছি। প্রতিবছর লাখ লাখ টাকার শুটকি নষ্ট হয়েছে। সবাই আশ্বাস দেয় স্লুইসগেট হবে, বেড়িবাঁধ হবে, জলাবদ্ধতা নিরসন হবে। কাজের কাজ কিছুই হয়নি। আসাদগঞ্জ সড়কের এক খাবার দোকানি বলেন, বৃহস্পতিবারও জোয়ারের সময় পানি উঠেছিল। তবে কম। আজ কিন্তু বেশি পানি উঠেছে। মনে হয় কাপ্তাই বাঁধ থেকে পানি ছাড়া হয়েছে। খাতুনগঞ্জের বেশ কিছু সড়কে পানি উঠলেও আড়তে পানি ঢোকেনি। আড়ৎ ও দোকানের মুখে, পেছনে ইট-সিমেন্টের প্রতিরক্ষা বাঁধ দেওয়ায় রাস্তায় পানি থাকলেও দোকানে ঢুকতে পারেনি। তবে হামিদুল্লাহ বাজারে তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদার কিছু আড়তে পানি ঢুকতে দেখা গেছে।
    চট্টগ্রাম-রাঙামাটি (হাটহাজারী) সড়কের ফতেয়াবাদ নন্দীরহাট অংশে পাহাড়ি ঢলের পানি জমে যায়। হাঁটুপানি ছিল চট্টগ্রাম-নাজিরহাট (চবি) রেললাইনের কিছু কিছু অংশে।
    পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানান, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, আজ কর্ণফুলীতে প্রথম জোয়ার এসেছে ভোর পাঁচটা ৪ মিনিটে। দ্বিতীয় জোয়ার আসবে বিকেল ৫টা ৪৮ মিনিটে।
    আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবাণীতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রামে বৃষ্টি, ঢল ও জোয়ারের পানিতে জনদুর্ভোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান