বার্তা পরিবেশক:
প্রয়োজনীয় গাইড বই কিনলে হবে না, কিনতে হবে সব বিষয়ের গাইড বই। এমন বাধ্যবাধকতার কারণে অর্থঅভাবে গাইড বই কিনতে না পেরে ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী। শিক্ষকরা গাইড বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করায় বিপাকে পড়ছেন অনেক অভিভাবক।
একটি বা দুইটি নয় কিনতে হবে সব গাইড বই। এমন নির্দেশ দেওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে অসংখ্য শিক্ষার্থীর জীবন। নির্দেশনা মোতাবেক কেউ কিনতে পেরেছে কেউ বা কিনতে পারেনি। যারা অর্থঅভাবে কিনতে পারে নি এমন শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে।
কক্সবাজার সদর উপজেলার ইলিয়াছ মিয়া হাইস্কুলের একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সবকটি গাইড ক্রয় করতে ১২০০ টাকা লাগবে। কিন্তু এত টাকা না থাকায় গাইড ক্রয় করতে পারিনি, বিদ্যালয়ে যাচ্ছি না। গাইড ছাড়া বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা বকাঝকা করে ক্লাশ থেকে বের করে দেয়। ওই শিক্ষার্থী আরো জানায় আরো অনেক শিক্ষার্থী গাইড কিনতে না পারায় বিদ্যালয়ে যেতে পারছে না।
কক্সবাজার ঈদগাও জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক জানিয়েছেন, গাইড বাধ্যতামুলক করায় মেয়েকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি। কোন রকম বিদ্যালয়ে ভর্তি করে দিলেও গাইড বইয়ের জন্য প্রয়োজন হচ্ছে ৬০০ টাকা। ওই টাকা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বিনামুল্যে বই দিলেও গাইড বই কিনতেই হিমশিম খেতে হচ্ছে।
প্রাপ্ত তথ্যে জানা যায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সাপেক্ষে বই প্রকাশনা কর্তৃপক্ষ গাইড বইগুলো ছাপিয়ে থাকে। একেক শিক্ষা প্রতিষ্ঠান একেক প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে থাকে।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যে গাইড ছাপাতে ৫০ টাকা খরচ হয়েছে এমন গাইডের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যে শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিমান গাইড বিক্রি করবে ওই টাকার ৪০ ভাগ পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা। যার কারণে গাইড বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করে শিক্ষকরা। প্রতি বছর মোটা অংকের টাকা আয় করে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ওই টাকা তারা ভাগ করে নেয়।
গতকাল কক্সবাজার শহরের কয়েকটি লাইব্রেরীতে দেখা যায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিক্রি করছে গাইড বই। একটি বিষয়ের গাইড বই বিক্রি করা যাবে কিনা জানাতে চাইলে বিদ্যাসাগর লাইব্রেরীর এক কর্মচারী জানান, একটা বিক্রি করার কোন সুযোগ নেই। কিনতে চাইলে সব বিষয়ের কিনতে হবে। কমিশন দেবে মাত্র ২০ শতাংশ। দাম এত বেশী কেন জানতে চাইলে তিনি কোন উত্তর দেন নি।
অবসর প্রাপ্ত শিক্ষক আবুল হাসেম জানিয়েছেন, গাইড বইয়ের ব্যবহার বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মেধার বিকাশ হচ্ছে না। তাই গাইড বইয়ের দৌরাত্ব বন্ধ করা দরকার।
কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, গাইড বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করা শুভ লক্ষণ নয়। বিষয়টি খোঁজ খবর নেওয়া হবে।
cd//সংগৃহীত ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে গাইড বই কিনতে বাধ্য করায় বিপাকে অভিভাবকরা
Rating: 5
Reviewed By: Unknown