কক্সবার্তা ডেস্ক :
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০১৬। বিজিবি দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭টায় পিলখানায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি, পিএসসি অত্র বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন। সকাল পৌনে ৮টায় ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে এ বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
বিজিবি দিবসের কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানায় বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
অনুষ্ঠানে ২০১৬ সালে বিভিন্ন কর্মকাণ্ডে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবি সদস্যদের মধ্য থেকে ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২০ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২০জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) প্রদান করা হবে।
আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। দুপুর সোয়া ১২টায় পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আয়োজিত দরবারে বিজিবি সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। খবর বাসস tb।