চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে বিএনপি নেতা নেজাম উদ্দিন চৌধুরী ওরফে আর্জন মিয়ার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা আদেশ লঙ্গন করে বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহারের পারিবারিক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিন ধরে অস্ত্রধারী ভাড়াটে লোক জড়ো করে অভিযুক্ত ওই বিএনপি নেতা জায়গা দখলে নিয়ে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। ঘটনার খবর পেয়ে বাঁধা দিতে গেলে উল্টো মহিলা ভাইস চেয়ারম্যানকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। মারধরে আহত করা হয়েছে তার এক কর্মচারীকে।
এ ঘটনায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার বাদি হয়ে গত ১৩ ডিসেম্বর চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে এক নম্বর আসামি করা হয়েছে ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি স্থানীয় আম্মারডেরা এলাকার মৃত মফজলর রহমানের ছেলে নেজাম উদ্দিন চৌধুরী ওরফে আর্জন মিয়াকে। এছাড়াও অভিযোগটিতে আরো ১০-১২জন অবৈধ অস্ত্রধারীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগের আর্জিতে বাদি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার জানান, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া মৌজার বিএস ১৬, ৪৪১, ১৯১ ও ১৯২ নম্বর খতিয়ানের ৪৯৮১, ৪৬৯১, ৪৬৯২ ও ৪৬৯৩ দাগের ২দশমিক ৮০ শতক জমি মুল মালিক আনোয়ারুল ইসলামের কাছ থেকে বায়নানামা মুলে ক্রয় করেন তার কানাডা প্রবাসী ভাই খালেদ ইবনে আজিজ চৌধুরী। তিনি বিদেশে থাকার সুবাদে অভিযুক্ত ব্যক্তি ওই জায়গা দখলের জন্য নানাভাবে অপচেষ্টা চালাতে শুরু করে। এ ঘটনায় তার ভাই খালেদ ইবনে আজিজ চৌধুরী দেশে এসে ২০০১সালে কক্সবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি অপর মামলা (নম্বর-৬৯/০১) দায়ের করেন। মামলায় আদালত বিবাদি নেজাম উদ্দিন চৌধুরীকে ওই জমিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
আর্জিতে বাদি ইয়ামুন নাহার জানান, তার ভাই খালেদ ইবনে আজিজ চৌধুরী ফের বিদেশে চলে গেলে ক্রয়কৃত জায়গার শাসন সংরক্ষন, দখল স্বর্ত বজায় রাখা এবং জমি সংক্রান্ত কোন ধরণের মামলা বা অন্য কোন ঘটনার উদ্ভব হলে তা মোকাবেলার জন্য তাকে (বোন ইয়ামুন নাহার) আমমোক্তার নামামুলে দায়িত্ব অর্পন করেন। এরপর থেকে বিবাদি পক্ষ অপর মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট মামলা করেন। এখনো আদালতে মামলাটি চলমান রয়েছে।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার অভিযোগ করেছেন, যুগ্ম জেলা জজ আদালতের নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতে তাদের রিট মামলা বিচারধীন থাকলেও তা অমান্য করে গত ১১ ডিসেম্বর অভিযুক্ত বিএনপি নেতা নেজাম উদ্দিন চৌধুরী ভাড়াটে অস্ত্রধারী লোকজন জড়ো করে জায়গা দখলের পর সেখানের চলাচল পথটিও দখল নিয়ে সেখানে ইট দিয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণের কাজ শুরু করেন। এসময় ভাইস চেয়ারম্যানের কেয়ারটেকার জুনাইদ তাদেরকে বাঁধা দিতে গেলে তাকে মারধর করে ভাড়াটে দুর্বৃত্তরা। এ অবস্থায় ১৩ ডিসেম্বর সকালে তিনি ঘটনাস্থলে পৌঁছে তার ভাইয়ের জমিতে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে বাঁধা দিতে গেলে অভিযুক্ত বিএনপি নেতা নেজাম উদ্দিন চৌধুরী উল্টো তাকে প্রাননাশের হুমকি দেয় বলে থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন বাদি ইয়ামুন নাহার।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খাঁন বলেন, জায়গা দখলের ঘটনায় সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান একটি অভিযোগ দায়ের করেছেন। থানার এসআই আশরাফুল ইসলামকে অভিযোগটি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
zm
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থাপনা নির্মাণের অভিযোগ
Rating: 5
Reviewed By: Unknown