• Latest News

    কক্সবাজার ভূমি অফিসকে হয়রানীমুক্ত করার ঘোষণা

    ইমাম খাইর, সিবিএন :
    কক্সবাজার সদর ভূমি অফিসকে হয়রানীমুক্ত করে জনসেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা দিয়েছেন নবাগত সহকারী কমিশনার-এসিল্যান্ড (ভূমি) পংকজ বড়ুয়া। একই সঙ্গে তিনি উমেদার, দালাল, মধ্যস্বত্ত্বভোগীদের ব্যাপারে কঠোর নীতির কথাও জানান।
    সোমবার (২১ নভেম্বর) বিকালে তিনি একথা বলেন।
    পংকজ বড়ুয়া বলেন, মানুষ প্রয়োজনের তাগিদে ভূমি অফিসে আসে। সেবা প্রার্থীদের সেবা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কোন আবেদন মাসের পর মাস পড়ে থাকবেনা। সবার সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। তার প্রশ্ন, মানুষ সেবা নিতে এসে কেন হয়রানীর শিকার হবে? তা মেনে নেয়া যায়না।
    এসিল্যান্ড পংকজ বড়ুয়া বলেন, একজন সেবাপ্রার্থী অফিসে আসার পর তার সেবার ধরণ জেনে তাকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি সেবাপ্রার্থীর সাথে সরাসরি কথা বলে সমাধানের চেষ্টা করছি। কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে নির্দেশ দেওয়া আছে। যার কাজ সে করবে। সবাইকে জবাবদিহীতার আওতায় নিয়ে আসা হচ্ছে। সেবাপ্রার্থীকে হয়রানীর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি অসাধূ পন্থায় খতিয়ান সৃজনসহ নিয়ম বহির্ভুত কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানান।
    কক্সবাজার সদরের এসিল্যান্ড পংকজ বড়ুয়া মানুষের সেবা ও কাজের গতিশীলতা আনতে কিছু কর্মপন্থা নিয়েছেন বলে প্রতিবেদককে জানান। তিনি জানিয়েছেন- অফিসের নিরাপত্ত্বা নিশ্চিত করতে আগামী একমাসের মধ্যে সিসি ক্যামেরা বসানো হবে। কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে ‘আইডি কার্ড’ ও সেবাদাতাদের ছবিসহ দপ্তরওয়ারী কর্মবণ্ঠন করে দেওয়া হবে। সেবাগ্রহীতাদের বসার জন্য আগামী জানুয়ারী নাগাদ ‘সেবাঘর’ নির্মাণের চিন্তা করা হচ্ছে। ‘ওয়ানস্টপ সার্ভিস’ এর মাধ্যমে মানুষকে খুব দ্রুত সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
    তাছাড়া কক্সবাজার সদর ভূমি অফিসের নামে ফেসবুক পেজ খোলে তথ্য আদান প্রদান, অভিযোগ সংগ্রহ ও নিষ্পত্তিসহ জনগণের দূরগোড়ায় সরকারী সেবা পৌঁছে দেওয়ার কথাও জানান নবাগত এসিল্যান্ড পংকজ।
    পংকজ বড়ুয়া চট্টগ্রামের সীতাকুন্ড এলাকার সুশান্ত বড়ুয়ার ছেলে। ৩০ তম বিসিএস এর মাধ্যমে তিনি সরকারী চাকুরীতে যোগদান করেন। গত ১০ নভেম্বর কক্সবাজার সদর ভূমি অফিসে যোগদান করেন পংকজ বড়ুয়া। এর আগে তিনি চাঁদপূর সদর ভূমি অফিসে একই পদে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার ভূমি অফিসকে হয়রানীমুক্ত করার ঘোষণা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান